নর্মাল ডেলিভারীর পরামর্শ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নর্মাল ডেলিভারীর পরামর্শ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নভেম্বর ২২, ২০২৬
Magic Card -EWH

নর্মাল ডেলিভারীর পরামর্শ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ভোলা প্রতিনিধি ::: ভোলার আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের স্বাভাবিক প্রসবের পরামর্শ দেওয়ার অভিযোগ তুলে এক পরিচ্ছন্নতাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আমেনা বেগম (৪৮) ভোলা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ ধরনের ঘটনার অভিযোগ অস্বীকার করেছে।

অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে শহরের বাংলা স্কুল মোড়ের আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আমেনা বেগম ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর পোটকা এলাকার বাসিন্দা। তিনি এক বছরের বেশি সময় ধরে হাসপাতালটিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। অভিযোগে চিকিৎসক ডা. সুরাইয়া ইয়াসনূর ও নাজমা বেগমের নাম উল্লেখ করা হয়েছে।

থানায় দেওয়া অভিযোগে আমেনা বলেন, ঘটনার দিন সন্ধ্যায় তিনি হাসপাতালের সিজারিয়ান ওয়ার্ডের অপারেশন থিয়েটারে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় নাজমা বেগম সেখানে থাকা এক রোগীকে সিজারিয়ান অপারেশনের জন্য প্রস্তুত হতে বললে রোগীর স্বজনরা স্বাভাবিক প্রসবের বিষয়টি তোলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নাজমা বেগম ওই ঘটনার বিষয়ে চিকিৎসক সুরাইয়া ইয়াসনূরের কাছে আমেনার বিরুদ্ধে অভিযোগ করেন।

এরপর আমেনাকে অন্য একটি অপারেশন থিয়েটারে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক সুরাইয়া ইয়াসনূর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ করেন আমেনা। তার অভিযোগ হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাথা ও ডান চোখে আঘাত করা হয়। এ ছাড়া কিল ঘুষি ও লাথি মেরে তাকে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে ঘটনার প্রত্যক্ষদর্শীরা তাকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আমেনার অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিচার চাইলেও তিনি কার্যকর কোনো সাড়া পাননি।

গণমাধ্যমকে আমেনা বেগম বলেন, ওটিতে গিয়ে আমি বিছানা লাগাচ্ছি। এ সময় নাজমা এক রোগীকে বলছে সিজারে ঢুকতে। কিন্তু ওই মহিলা বলছে যে, না আমি সিজারে যামু না, আমি নরমাল ডেলিভারি দিয়া যামু। মহিলার সাথে অনেক তর্ক করে সুরাইয়া ম্যাডামের সাথে নাজমা চইলা গেল ওটিতে। গিয়ে ম্যাডামকে আমার নামে উল্টাপাল্টা বলেছে।

তিনি আরও বলেন, আমি বলেছি যে, আমি রোগীরে কিছুই বলি নাই। রোগী আমারে চিনে না আমিও রোগীরে চিনি না। আমি কোনো কিছু বলি নাই। এই কথা কওয়ার সাথে সাথে সে আমাকে দেওয়ালে ঠেলে ধরে ইচ্ছেমতো মারধর করেছে। এতে আমার কপাল ফুলে গেছে এবং হাতে দাগ ও ফুলে আছে।

আমেনা বলেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমার ম্যানেজারের কাছে বিচার দিবে, আমার মালিকের ঘরে বিচার দিবে কিন্তু আমার গায়ে হাত তোলার কোনো অধিকার নাই তার। সে আমাকে বেধড়ক মারধর করেছে।

নিজের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, আমি একটা গরিব মানুষ। চাকরি করে খাই। আমার স্বামী নাই, কেউ নাই। আমি দুই দিন সদর হাসপাতালে ভর্তি ছিলাম। আমি এখনো মাথার ব্যাথায় উঠতে পারি না। আমি ন্যায্য বিচার চাই।

অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্ত চিকিৎসক ডা. সুরাইয়া ইয়াসনূরের বক্তব্য পাওয়া যায়নি। তবে আস-সুন্নাহ জেনারেল হাসপাতালের ম্যানেজার মেহেদি হাসান নবাব অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাদের কাছে সিসিটিভি রেকর্ডসহ সব ধরনের প্রমাণ রয়েছে। হাসপাতালের সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট উপপরিদর্শক অভিযোগটি তদন্ত করছেন।

নর্মাল ডেলিভারীর পরামর্শ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নর্মাল ডেলিভারীর পরামর্শ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নভেম্বর ২২, ২০২৬
Magic Card -EWH